Searching...

Popular Posts

Friday, August 23, 2013

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

11:52 PM
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ইউপি সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
এক পক্ষের দাবি, পুকুরটি তাঁরা খনন করেছেন। অপর পক্ষের দাবি, সরকারি পুকুরটি তাঁরা দেখভালের দায়িত্বে ছিলেন। তবে সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনী সদর উপজেলার সুলতানপুর গ্রামে মুহুরী নদীর ধারে সরকারি খাসজমিতে এলাকার সাহাব উদ্দিন নামের এক ব্যক্তি কয়েক বছর থেকে একাধিক পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি জানতে পারেন এবং সদ্য খনন করা একটি বড় পুকুর আবার ভরাট করে দেন। কিন্তু কয়েক বছর আগে খনন করা একটি পুকুরে সাহাব উদ্দিনের মাছ চাষ করা অব্যাহত ছিল। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় ফরহাদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাব উদ্দিন এবং মনির আহমঞ্চদ এলাকার আরও কিছু লোক নিয়ে সাহাব উদ্দিনের পুরোনো খনন করা পুকুরে মাছ ধরতে যান। এ সময় পুকুরের মালিক দাবিদার সাহাব উদ্দিন তাঁদের মাছ ধরতে নিষেধ করেন।
এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ইউপি সদস্য সাহাব উদ্দিন ও মনির আহমঞ্চদসহ চারজন আহত হন। কিছুক্ষণ পর ইউপি সদস্যদের পক্ষের লোকজন আবার জড়ো হয়ে ওই পুকুরের দাবিদার সাহাব উদ্দিনের চাচা নুরুল হক মাঝি ও আমিনুল হককে পিটিয়ে আহত করেন। আহত অন্য দুজনের নাম জানা যায়নি। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বোগদাদিয়া ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক ফিরোজ আলম জানান, ফরহাদনগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে মুহুরী নদীর ধারে সরকারি খাসজমিতে এলাকার জনৈক সাহাব উদ্দিন পুকুর খনন করেছেন।
পুকুর খননকারী সাহাব উদ্দিন এবং ইউপি সদস্য সাহাব উদ্দিনের বক্তব্য জানার জন্য চেষ্টা করেও পাওয়া যায়নি।

0 comments:

Post a Comment