খুলনার রূপসা উপজেলার আলাইপুর এলাকায় মংলা-খুলনা সড়কে আজ রোববার
সকালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগের একজন নেতা নিহত
হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
নিহত ওই ছাত্রলীগের নেতার নাম গৌতম চক্রবর্তী (২৫)। তিনি বাগেরহাট সদর
উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর পারমধুদিয়া গ্রামের প্রাণতোষ
চক্রবর্তীর ছেলে। বাগেরহাট জেলা ছাত্রলীগ জানায়, গৌতম খানপুর ইউনিয়ন
ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই)
অবনী দাস ও রূপসা থানার উপপরিদর্শক ওসমান গণি জানান, গৌতম আরও দুজনকে নিয়ে
মোটরসাইকেল চালিয়ে খুলনা যাচ্ছিলেন। পথে আলাইপুর এলাকায় বিপরীত দিক থেকে
আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
ঘটনাস্থলেই গৌতম চক্রবর্তী মারা যান। তাঁর সঙ্গে থাকা অন্য দুজন গুরুতর আহত
হন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌতমের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
0 comments:
Post a Comment