Searching...

Popular Posts

Wednesday, August 14, 2013

দেশব্যাপী জামায়াতের হরতাল চলছে

4:51 AM


জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে গতকাল জামায়াতে ইসলামী দেশব্যাপী দুদিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথমদিন পালিত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
ওসমানীনগর (সিলেট) : দেশব্যাপী জামায়াতে ইসলামের ২ দিনের ডাকা হরতালে প্রথমদিনে গতকাল প্রায় ওসমানীনগর ছিল অনেকটা অচল। থানার কোথাও লোক চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত ও ব্যবসা বাণিজ্যসহ বড় ধরনের কোনো যানবাহান চলাচল করতে দেখা যায়নি। এছাড়া ঢাকা-সিলেট মহসড়ক এলাকায় অবস্থিত প্রত্যেকটি বাজার ছাড়াও থানার গুরুত্বপূর্ণ প্রায় সব মোড়েই ছিল পুলিশের সরব উপস্থিতি। তবে থানার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
গাবতলী (বগুড়া) : হরতাল চলাকালে সব ধরনের যানবাহন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও তেমন লেনদেন হয়নি। গাবতলীর বিভিন্ন রাস্তার মোড়ে জামায়াত-শিবিরের কর্মীদের অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা গেছে। হরতাল চলাকালে জামায়াত-শিবিরের একবিশাল বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাময়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি আবদুল মজিদ, জামায়াত নেতা আবদুর রহমান, নুরুজ্জামান, এম সাবিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, উপজেলা শিবিরের সভাপতি মহসিন আলী, সেক্রেটারি সাকিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরশুরাম (ফেনী) : জামায়াতে ইসলামীর ডাকা দুদিনের হরতালের প্রথমদিনে গতকাল ফেনীর পরশুরামে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। হরতালে দিনভর পরশুরাম বাজারের দোকানপাট বন্ধ ছিল। রিকশা ও টমটম ছাড়া কোনো যানবাহন চলাচল করেনি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সোনাইমুড়ী (নোয়াখালী) : হরতালের পক্ষে মিছিল করার সময় ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় ২৪ ঘণ্টায় পুলিশ জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। হরতালে ফাঁকা নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, হরতালের পক্ষে মিছিল করার সময় সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার হারিছ চৌধুরী বাজার থেকে পুলিশ জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে। এছাড়া নোয়াখালী সদর উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় পুলিশ আরও ১১ জনকে গ্রেফতার করে। এদিকে হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের পক্ষে জেলা শহর মাইজদী, বৃহত্তর নোয়াখালীর প্রধান শহর চৌমুহনী, সোনাইমুড়ী, সেনবাগ, চাটখিল, কোম্পানীগঞ্জ, কবিরহাট, চন্দ্রগঞ্জ, সুবর্ণচর, হাতিয়া এলাকায় জামায়াত-শিবির মিছিল সমাবেশ ও পিকেটিং করেছে। হরতাল চলাকালে নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছিল অনেকটাই ফাঁকা।
কাউনিয়া (রংপুর) : পিকেটার সন্দেহে আনারুল ও বিপ্লব নামের দুই যুবককে আটক করে পুলিশ। পুলিশ জানায়, সকাল ৬টার দিকে রেলগেট এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে হরতালের সমর্থনে কিছু যুবক রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করার সময় ধাওয়া দিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পিকেটার সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশ। কাউনিয়া থানার ওসি আবদুল লতিব মিঞা পিপিএম জানান, পিকেটার সন্দেহে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আটক সন্দেহভাজন দুই যুবক জানিয়েছে তারা সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী। এ কারণে সকালে তারা রাস্তায় জগিং করছিল।
হোসেনপুর (কিশোরগঞ্জ : ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এসে হরতালের কারণে যাত্রীরা আটকা পড়ে। গ্রামের অনেক মানুষ জানে না হরতালের খবর। গতকাল সকালে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না যাওয়ায় যাত্রীরা গন্তব্য স্থলে না গিয়ে হতাশায় বাড়ি ফিরতে দেখা গেছেন।
জিয়ানগর (পিরোজপুর) : উপজেলার পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়ার বিভিন্ন এলাকার সড়কে হরতাল সমর্থকরা গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। বিভিন্ন বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পাড়েরহাটের কালীবাড়ী এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, টগড়া ফেরিঘাট এলাকায় দুটি রিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা। পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাড়ৈখালীর নয়ঘর এলাকার জামায়াত-বিএনপি সমর্থকদের ৮টি বসতঘর ও বৌডুবি বাজারের ৩টি দোকানঘর ভাংচুর করে বলে জানা যায়। হরতালে বিশেষ অভিযান চালিয়ে ইন্দুরকাঠি থানা পুলিশ শাহিন ফকির, লোকমান হাওলাদার ও আলী হোসেন, রুবেল মৃধা নামের ৪ জনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করেছে।
সৈয়দপুর (নীলফামারী) : হরতালে সকালে সোহেল রানা মোড়ে টায়ারে আগুন জালানো হয়। সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুপুর ২টার দিকে কিছু কিছু দোকানপাট খোলা থাকে। শহরে ছোট্ট ছোট্ট যানবাহন চলাচল করলেও দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে ছুটির পর প্রথমদিন হরতালের কারণে উপস্থিতির সংখ্যা অনেক কম। হরতালের সমর্থনে সোমবার রাতে ছাত্রশিবির শহরে একটি মিছিল বের করলে পুলিশি হামলায় তা পণ্ড হয়ে যায়। ওই মিছিল থেকে তৌকির আহমেদ নামে এক শিবির কর্মীকে আটক করে।
লক্ষ্মীপুর : সকাল ৭টা লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতালের সর্মথনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। অপরদিকে একই সময়ে রামগঞ্জ শহরের কাজিপাড়া ও সাতারপাড়া জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ ও যুবলীগ কর্মীরা ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া শহরের বিসিক শিল্পনগরী এলাকায়, জকসিন, মান্দারী চন্দ্রগঞ্জ ও দালাল বাজারসহ জেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
রংপুর : হরতালের সমর্থনে শিবিরের কর্মীরা সকালে নগরীর কলেজ রোডের বিকন মোড়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে শিবিরকর্মীরা সটকে পড়ে। হরতালে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর জাহা্জ কোম্পানী মোড়, গ্র্যান্ড হোটেল মোড়, পায়রা চত্বর, সিটি বাজার, কাচারিবাজার, মেডিকেল মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মডার্ন মোড়, বিশ্ববিদ্যালয় চত্বর, শাপলা চত্বর, স্টেশন এলাকা, সাতমাথা ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
হরতালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুড়িগ্রাম বাস টার্মিনাল, লালমনিরহাট ও গাইবান্ধা বাস টার্মিনাল এবং আন্তঃজেলা বাস ও ট্রাক টার্মিনাল থেকে কোনো বাস ট্রাক ছেড়ে যায়নি। তবে নগরীতে রিকশা, অটো রিকশা, মোটরসাইকেল, হিউম্যান লোকাল ও মেইল ট্র্রেনও সময়মতো চলাচল করছে। তবে বন্ধ রয়েছে বড় বড় বিপণি বিতানগুলো।
কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালীতে জামায়াতের ঈদ শুভেচ্ছার ব্যানারে আগুন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল দুপুরে হরতাল বিরোধী মিছিল থেকে এ আগুন দেয়া হয়।
গতকাল দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি শহরের বকত্বর মোড়ে এসে সমবেত হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে জামায়াতের পক্ষ থেকে ঝোলান ঈদ শুভেচ্ছার ব্যানার খুলে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এদিকে গত সোমবার আটক জামায়াতের ৩ নেতাকর্মীকে গতকাল সকালে জেলহাজতে পাঠিয়েছে কুমারখালী থানা পুলিশ।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : হরতাল চলাকালে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। অফিস পাড়া ছিল ফাঁকা বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ।
চুয়াডাঙ্গা : হরতালের সমর্থনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ বাজারে জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে জামায়াতের ৫ নেতাকর্মী আহত হয়।
এছাড়া সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলী, শিয়ালমারী ও সন্তোষপুর মোড়ে এবং জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের বাকা, হাসাদহ ও বকুণ্ডিয়া মোড়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে সেখানে পুলিশ পৌঁছলে জামায়াত নেতাকর্মীরা পালিয়ে যায়।
রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে আল-মদিনা নামের একটি বিবাহের বাস ও ২টি ট্রলার টেম্পো ভাংচুর করেছে হরতাল সমর্থনকারীরা। উপজেলার নৈকাঠি বাজার এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। এ সময় পিকেটাররা বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার নৈকাঠি বাজার এলাকার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে আবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পুলিশ কোনো পিকেটারকে গ্রেফতার করতে না পারলেও ওই বাজারের পাহারাদার নেছার আলীকে গ্রেফতার করেছে। পুলিশ নেছার আলীকে জামায়াত কর্মী বলে দাবি করছে। সরেজমিনে একাধিক স্থানীয়রা জানান, শেষ রাতে ওই বিবাহের গাড়িটি রাস্তায় পাশে থামিয়ে সবাই বিশ্রাম নিচ্ছিল। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে একদল পিকেটার ওই গাড়িটির উপরে ইটপাটকেল নিক্ষেপ করে সামনের গ্লাসসহ কয়েকটি গ্লাস এবং ২টি টেম্পোও ভাংচুর করে।
দোহাজারী (চন্দনাইশ) : হরতালের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোথাও কোনো ভারী কিংবা হালকা যানবাহন চলাচল করেনি। ব্যাংক, বীমা, অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। হরতালে উপজেলার কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

0 comments:

Post a Comment