Searching...

Popular Posts

Wednesday, August 14, 2013

নোয়াখালীতে ৪ খুন, সিরাজগঞ্জে যুবক মোরেলগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার : গোবিন্দগঞ্জে ছেলের ছুরিকাঘাতে মা খুন

4:42 AM
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ৪ জন খুন হয়েছে। সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের ছুরিকাঘাতে মা খুন হয়েছেন। গোপালগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছে ১ জন। চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটাপড়ে একজন নিহত হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ৪ খুন : নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় তিনটি খুনের ঘটনা ঘটেছে। জেলার বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী ও কবিরহাটে এই হত্যাকাণ্ডগুলো ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনীর একটি ফ্যাক্টরির শ্রমিক জহির হোসেনের লাশ বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের লৌলতপুর এলাকার খাল থেকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বরে মনে করা হচ্ছে। এদিকে, সেনবাগে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ইব্রাহিম (৩২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ শ্যামেরগাঁও গ্রামের নুর কাজীর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। তাকে নির্যাতনে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। এছাড়া কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের তাকিয়া বাজার থেকে মনোয়ারা বেগম (২২) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উপজেলার উত্তর আলীপুর গ্রামের ফয়েজ আহম্মদের মেয়ে ও ওই এলাকার ইউসুফের স্ত্রী। উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপড়া গ্রামের বেগমগঞ্জ সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাছাড়া, একইদিন রাতে সন্ত্রাসীরা এক অজ্ঞাত কিশোরকে (১৮) গলাকেটে হত্যা করেছে। পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে কিশোরটিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার : সিরাজগঞ্জ পৌর এলাকার তেলকুপিতে একটি পুকুরের পানিতে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে পৌর এলাকার তেলকুপিতে একটি পুকুরের পানিতে ভাসমান এক যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান যুবকের লাশ উদ্ধার করে। যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জে ছেলের ছুরিকাঘাতে মা খুন : গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের খিড়িবাড়ী গ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ছেলে হালিমের ছুরিকাঘাতে মা হালিমা বেগম (৫০) নিহত হন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা, হালিমের বউ তাকে না বলে ও তার মাকে না বলে বাপের বাড়ি যায়। হালিম বাহির থেকে বাড়িতে এসে দেখে তার বউ বাড়িতে নেই। বউ বাড়িতে না থাকায় হালিম তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে হালিম ছুরি দিয়ে তার মাকে আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১ : গোপালগঞ্জে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে ও সোমবার তারগ্রামের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত গাউস মোল্লা হাসপাতালে গভীর রাতে মারা যান। পুলিশ জানায, গত সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রামে কামাল শেখ ও সোবহান মোল্লার সমর্থকদের সংঘর্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত গাউস মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি গভীর রাতে মারা যান।
জীবননগরে ট্রেনে কাটাপড়ে একজনের মৃত্যু : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটাপড়ে ফজলুল হক ওরফে ফজলু (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে জেলার জীবননগর উপজেলার উথলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামের মৃত রাফাজ্জেল মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি উথলী স্টেশন অতিক্রম করছিল। এ সময় ফজলুল হক লাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ নিহত : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল সকালে বাসের ধাক্কায় মনজের আলী (৪৮) নামের হাইওয়ে থানার একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামে মৃত মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, সকালে হাইওয়ে থানার কাছে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস কর্তব্যরত মনজের আলীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার : বাগেরহাটের মোরেলগঞ্জে সুমি আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ গত রোববার স্বামীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঈদের পরদিন বিকালে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের গোপালপুর গ্রামে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের অভিযোগে গৃহবধূ সুমির বাবা ফারুক মোল্যা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় জামাতা প্রিন্স শেখ ও তার মা পারুল বেগমসহ সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মতিয়ার শেখ নামে একজনকে আটক করেছে। পুলিশ জানায়, এক বছর আগে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের গোপালপুর গ্রামের ফারুক মোল্যার মেয়ে সুমি ও একই গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে প্রিন্স শেখ পরস্পরকে ভালোবেসে বিয়ে করে। তারা বাড়ি ছেড়ে ঢাকার একটি গার্মেন্টে চাকরি নেয়। ঈদের এক সপ্তাহ আগে প্রিন্স তার স্ত্রী সুমিকে নিয়ে বাড়িতে আসে। সুমির বাবা এই সংবাদ জেনে ঈদের পর আনুষ্ঠানিক বিয়ে দিয়ে মেয়েকে তুলে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রিন্স ও তার আত্মীয়-স্বজনরা এই অনুষ্ঠান করতে আপত্তি জানায় এবং এ নিয়ে তাদের সঙ্গে সুমির ঝগড়া হয়। এরই জের ধরে ঈদের পরদিন বিকালে কোনো এক সময় সুমির স্বামী প্রিন্স ও তার আত্মীয়-স্বজনরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং বাড়ি তালাবদ্ধ করে সবাই পালিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সুমির লাশ উদ্ধার করে।
আড়াইহাজারে বিদ্যুত্স্পৃষ্ট ফেরিওয়ালার মৃত্যু : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আবুল (৬৫) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহোনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল উপজেলার ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকাল থেকে সে ফেরি করে প্লাস্টিকের আসবাবপত্র বিক্রি করতে করতে নৈকাহোন বাজারের ওপর দিয়ে যাচ্ছিল। তখন ওপর থেকে আনিসের মালিকানাধীন মার্কেটের মকবুলের ওয়ার্কশপের দোকানের বৈদ্যুতিক তার ছিঁড়ে তার ওপরে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুত্স্পৃষ্টে তার মৃত্যু হয়।
সারিয়াকান্দিতে যমুনায় জেলের মৃত্যু : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানিতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে চন্দনবাইশা ইউনিয়নের তালুকদার পাড়ার কাছে যমুনা নদীর কোলায় ফাঁসি জাল দিয়ে মাছ ধরার সময় ছোট ডিঙি নৌকা থেকে পানিতে পড়ে নাগর চন্দ্র দাস (৫০) নামের এক জেলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা লাশটি উদ্ধার করে। তিনি চর চন্দনবাইশা গ্রামের মৃত প্রেমা চন্দ্র দাসের ছেলে।
নবাবগঞ্জে মহিলার আত্মহত্যা : দিনাজপুরের নবাবগঞ্জে লায়লা আরজুমান (২১) নামে এক স্বামীপরিত্যক্ত মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার কপালে কাটা ক্ষতের চিহ্ন ছিল। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামের বদিউজ্জামানের স্বামীপরিত্যক্ত মেয়ে লায়লা আরজুমান নিজ ঘরের তীরের সঙ্গে তার ওড়না দিয়ে ফাঁস দেয়। এরপর সে চাপা চিত্কার করতে থাকলে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামানোর চেষ্টা করে। এ সময় আরজুমানের ছোট ভাই আরিফুজ্জামান বটি দিয়ে ওড়না কেটে ফেলার সময় আজুমানের কপাল কেটে যায়। আরজুমানের বাবা থানায় অভিযোগ করেছে, আরজুমান তার মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করে।
সেনবাগে বাসচাপায় নিহত ১ : নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট বাজারসংলগ্ন গোপাল পুকুরপাড় এলাকায় গত সোমবার রাতে যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. দুলাল (৫০) নামে এক গাড়ি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুলাল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে স্থানীয় সেবারহাট বাজার থেকে ফেনী-সোনাপুরগামী সুগন্ধা বাসে করে দুলাল ভুইয়াদীঘিসংলগ্ন গোপাল পুকুরপাড় নামক স্থানে এসে গাড়ি থেকে নামে। এ সময় রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে দুলাল নিহত হন।
সাঁথিয়ায় মহিলার আত্মহত্যা : পাবনার সাঁথিয়ায় কোকলা খাতুন (২৫) নামে এক স্বামীপরিত্যক্ত মহিলা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের সলঙ্গী গ্রামের মৃত আবদুল আজিজ প্রামাণিকের মেয়ে। কোকলার ২ বার বিয়ে হলেও উভয় স্বামী তাকে তালাক দিয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় সবার অগোচরে বাবার বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
শেরপুরে মহিলা পুলিশের আত্মহত্যা : পারিবারিক কলহের জের ধরে শেরপুর সদর থানার মহিলা পুলিশ সদস্য জহুরা বেগম (২৪) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের স্বামীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে শহরের চকপাঠক এলাকায় ভাড়াটিয়া বাসায় ওই মহিলা পুলিশ সদস্য ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার স্বামী ফাঁসিতে ঝুলতে দেখে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্বামী পলাশের সঙ্গে তার পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরেই সোমবার বিকাল সাড়ে ৪টায় আত্মহত্যার চেষ্টা করে ওই মহিলা কনস্টেবল।
সোনারগাঁয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে গতকাল দুপুরে পানিতে ডুবে সোহান (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা প্রতাপেরচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার প্রতাপেরচর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে সোহান চোরাবালিতে আটকে পড়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। সোহান সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা এলাকার প্রতাপেরচর গ্রামের ডালিম প্রধানের ছেলে। সে মেঘনা লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু : চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের মোবারকঘোনা আনন্দবাজার এলাকার নুর হোসেন মিয়ার বাড়িতে নিজাম উদ্দিনের ছেলে জিহান বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। অনেকক্ষণ খোঁজার পর বাড়ির পেছনে পুকুরে ভাসতে দেখে তাড়াতাড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুরে কলেজছাত্রী নিহত : বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে লাবনী আক্তার (২৬) নামে এক কলেজছাত্রীর। গতকাল উজিরপুর পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে লাবনী ঢাকার মীরপুর কলেজের ছাত্রী এবং ঢাকার বিক্রমপুরের অপুর স্ত্রী। লাবনী ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসে গতকাল দুপুরে অসুস্থ খালাতো বোনকে নিয়ে উজিরপুর হাসপাতালে ইজিবাইকে করে নেয়ার পথে উজিরপুরের পুরানবাজার ব্রিজের ওপরে গাড়ির চাকায় গলার ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে উজিরপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগরে ছুরিকাঘাতে স্ত্রী খুন : কুল্লাির মুরাদনগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে আয়েশা আক্তার (২৮) নামের এক গৃহবধূ খুন হয়েছে। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউপির উড়িশ্বর গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আয়েশা আক্তার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে। নিহত আয়েশা আক্তারের মা মাজেদা বেগম জানান, ১৩ বছর আগে আয়েশাকে একই উপজেলার দেবিদ্বার পৌর এলাকাধীন ফতেহাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে সিএনজি অটো রিকশাচালক আবদুল কাদেরের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর কাদের যৌতুকের জন্য ও নেশাগ্রস্ত হয়ে আয়েশাকে মারধর করত। দু’বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে আয়েশা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করে। এর মধ্যে কাদের আরেকটি বিয়ে করে। সোমবার সন্ধ্যায় সাবেক স্বামী কাদের আয়েশাকে তার বাড়িতে নিয়ে যেতে আসে। আয়েশা যেতে না চাইলে ছুরি দিয়ে তার পেটের নাভী ও স্তনে আঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলে আয়েশা মারা যায়।
মাধবপুরে সংঘর্ষে নিহত ১ : হবিগঞ্জের মাধবপুরে ভূমি বিরোধের জেরে গতকাল বিকালে চাচাতো ভাইদের হামলায় একজন নিহত ও মহিলাসহ ১০ জন আহত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কামাল মিয়াকে (৩০) পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের মৃত মোস্তফা আলী ও তার ভাই খেলু মিয়ার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির একখণ্ড ভূমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল বিকালে উভয় পরিবারের লোকদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খেলু মিয়ার ছেলেদের পক্ষে অনেক গ্রামবাসী যোগ দেয়। এ সময় প্রতিপক্ষের ফিকলের আঘাতে মোস্তফা আলীর ছেলে মানিক মিয়া মারাত্মক আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

0 comments:

Post a Comment