Searching...

Popular Posts

Wednesday, August 28, 2013

জাতিসংঘ পরিদর্শকদের ওপর গুলি : সিরিয়া প্রশ্নে রাশিয়ার সঙ্গে বৈঠক স্থগিত করল যুক্তরাষ্ট্র

3:16 AM
যুক্তরাষ্ট্র সিরিয়া সঙ্কট প্রশ্নে রাশিয়ার সঙ্গে সোমবারের বৈঠক স্থগিত করেছে। এদিকে ওয়াশিংটন সিরিয়ায় সম্ভাব্য সামরিক হামলা চালানোর জন্য অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ‘২১ আগস্ট সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের যথাযথ জবাবদানের বিষয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকায়’ ওয়াশিংটন রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান ও রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডের বৈঠক স্থগিত করেছে। চলতি সপ্তাহে হেগে এ বৈঠক হওয়ার কথা ছিল।
মার্কিন পররাষ্ট্র দফতরের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ‘আমরা বৈঠকের তারিখ পুনরায় নির্ধারণ করতে রাশিয়ার পররাষ্ট্র দফতরের সঙ্গে কাজ করব। কেননা, সিরিয়া সঙ্কটের ব্যাপারে আমাদের একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানে পৌঁছানো অপরিহার্য।’
যুক্তরাষ্ট্র রোববার জানায়, সিরিয়ার সরকারি বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এদিকে ওয়াশিংটন জাতিসংঘ বিশেষজ্ঞ দলকে হামলার স্থল পরিদর্শনে দামেস্কের প্রস্তাব নাকচ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এ মন্তব্যে সিরিয়ার রাজধানীর কাছে ভয়াবহ হামলার ঘটনায় শক্তি প্রদর্শনে উত্তেজনা আরও বৃদ্ধি পেল। সিরিয়ার বিরোধী দল জানায়, দামেস্কের উপকণ্ঠে সরকারি বাহিনীর রাসায়নিক হামলায় প্রায় এক হাজার ৩শ’ লোক প্রাণ হারায়। এদিকে সিরিয়ায় রাসায়নিক গ্যাস ব্যবহারের ঘটনায় ওয়াশিংটন দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা চালানোর জন্য অবস্থান নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানান, সিরিয়ায় রাসায়নিক হামলার জবাব কীভাবে দেয়া যায়, সে ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা সিদ্ধান্ত নেবেন। তিনি এ ব্যাপারে শনিবার তার শীর্ষ সহকারীদের সঙ্গে বৈঠক করেন।
হতাহতের সংখ্যা, তাদের শরীরে বিভিন্ন লক্ষণ এবং মার্কিন ও বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে এক মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, সিরিয়ার সরকারি বাহিনী এ ঘটনায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে—সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।
এদিকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার স্থান পরিদর্শনে যাওয়ার সময় জাতিসংঘের পরিদর্শক দলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। স্নাইপাররা এই গুলি চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।
তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। সোমবার গুলি চালানোর এ ঘটনা ঘটে।
জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, সোমবার সকালে পর্যবেক্ষকরা তাদের হোটেল থেকে বের হয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়ার পর অজ্ঞাত স্নাইপাররা তাদের গাড়িবহর লক্ষ্য করে গুলি করে। এ কারণে পরিদর্শনের কাজ স্থগিত রেখে তারা হোটেলে ফিরে যান।
সিরিয়ার সরকারি টেলিভিশন এ হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।
জাতিসংঘের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, গাড়ি পরিবর্তনের পর পর্যবেক্ষকরা রাসায়নিক অস্ত্র হামলার স্থান পরিদর্শনে যাবেন।
গত সপ্তাহে সিরিয়ার বিদ্রোহীরা দাবি করে, সরকারি সেনারা ২১ আগস্ট রাজধানী দামেস্কের কাছে আইনতারমা, জামালকা ও জোবার এলাকায় রাসায়নিক হামলা চালিয়ে প্রায় এক হাজার তিনশ’ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
তবে সিরিয়া সরকার শুরু থেকে এ অভিযোগ অস্বীকার করে এসেছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সোমবার রাশিয়ান সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাত্কারে জানান, যে এলাকায় নিজেদের বিপুলসংখ্যক সেনা মোতায়েন রয়েছে, সেখানে কোনো সরকার এ ধরনের রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে না।
জাতিসংঘের পর্যবেক্ষকরা দামেস্কের পূর্বে অবস্থিত পাঁচটি স্থান থেকে মাটি, রক্ত, ইউরিন ও টিস্যুর নমুনা সংগ্রহ করবেন। সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা জাতিসংঘের পর্যবেক্ষকদের নির্বিঘ্নে কাজ করতে দেয়ার জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।

0 comments:

Post a Comment