Searching...

Popular Posts

Friday, August 23, 2013

ধুনটে জমি নিয়ে বিরোধ কাটা পড়ল ২০০ গাছ

11:21 PM
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তির বাগানের ২০০ গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঝিনাই গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ঝিনাই গ্রামের মোসলেম উদ্দীনের সঙ্গে বড়িয়া গ্রামের মোজাম্মেল হকের পারলক্ষ্মীপুর মৌজার ৫১৩৮ নম্বর দাগের দুই একর ৪৪ শতক জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমির দখল নিয়ে উভয় পক্ষ বগুড়া সহকারী জজ আদালতে মামলা করেছিল। গত ১৫ এপ্রিল আদালত মোজাম্মেলের পক্ষে রায় দেন। মোজাম্মেল দুই বছর আগে ওই জমির কিছু অংশে বাগান করে তাতে ইউক্যালিপটাস গাছের ৩০০টি চারা লাগিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই বাগানের ২০০টি গাছ কেটে ফেলে।
মোজাম্মেল হক বলেন, ‘আদালত মোসলেম উদ্দীনকে ওই জমিতে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এ কারণে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমার গাছ কর্তন করেছেন।’
মোসলেম উদ্দীন দাবি করেন, ‘পৈতৃক সূত্রে তিনি ওই জমির মালিক। তিন বছর আগে তিনি গাছগুলো লাগিয়েছিলেন। আদালত মোজাম্মেলের পক্ষে কোনো রায় দেননি। গাছ কাটার বিষয়ে আমার কিছু জানা নেই। তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, গাছ কাটার বিষয়ে মোজাম্মেল হক তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

0 comments:

Post a Comment