Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

অবরোধ-সংঘর্ষ-গ্রেফতারে চলছে জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল

3:24 AM
স্টাফ রিপোর্ট: সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে সংঘর্ষ আর গ্রেফতারে চলছে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল।
দুদিনের হরতালের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে পিকেটিংয়ে তত্পর দেখা যায় জামায়াত-শিবির নেতাকর্মীদের।

দিনের শুরুতে সকাল ৭টার দিকে রাজধানীর কল্যাণপুরে হরতাল সমর্থন মিছিল বের করে ছাত্রশিবির ঢাকা মহানগরী (পশ্চিম)। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আর সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে।

একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে গুলিবর্ষণ করে। এতে দুজন পথচারী আহত হয়।

এর আগে ধলপুর এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় গাড়ি ভাঙচুর করতে গেলে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কাউকে আটকের ঘটনা ঘটেনি।

গুলশানের শাহজাদপুর এলাকায় জামায়াত-শিবির কর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে অন্তত চারটি ককটেল ফাটানো হয়। পরে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

ভোর পৌনে ৬টায় মগবাজার ওয়্যারলেছ মোড় এলাকায় হরতাল সমর্থনে জামায়াত রমনা থানা একটি মিছিল বের করে। মিছিলটি পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। তবে এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শাজাহানপুরে আমতলী এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব। মিছিল থেকে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশের গুলিতে দুই শিবিরকর্মী আহত হয়।

রাজধানীর বংশালে মিছিল করে জামায়াত ঢাকা মহানগরী। মিছিলটি বাবুবাজার থেকে শুরু হয়ে নয়াবাজার গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

হরতাল সমর্তনে রাজধানী মাদারটেকে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা মিছিল ও পিকেটিং করে। মিছিলে নেতৃত্ব দেন শাখা সভাপতি রাশেদুল হাসান রানা।

হরতালের শুরুতে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। হরতালের কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, রাজধানী ছাড়া সারা দেশে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অংগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ ও গ্রেফতারে পালিত হচ্ছে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন।

মেহেরপুরে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও র্যাবের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গাংনী থানার ওসিসহ অর্ধশতাধিক আহত হয়। আটক করা হয় দুজনকে।

হরতাল সমর্থনে মানিকগঞ্জের ফলসাটিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

লক্ষ্মীপুরের বেশ কয়েকটি এলাকায় মিছিল, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রামের হালিশহর ও কাতালগঞ্জ এলাকায় হরতাল সমর্থনে মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের সৃষ্টি করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এছাড়া, বরিশাল, চাঁদপুর, কুষ্টিয়া, কুমিল্লা, সাতক্ষীরা, জয়পুরহাট ও নোয়াখালীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় হরতাল সমর্থন মিছিল ও পিকেটিং করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় অন্তত ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ।

হাইকোর্টে নিবন্ধন অবৈধ ঘোষণার পর সরকারের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়ন, গণগ্রেফতার এবং দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার এবং পরদিন বুধবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়া জামায়াতে ইসলামী।

হরতালের আগের দিনই সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আটক করা হয়েছে অর্ধশতাধিক।

0 comments:

Post a Comment