Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

কম্বোডিয়ায় নির্বাচনে ফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দল

4:56 AM
কম্বোডিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। অন্যদিকে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে সরকার ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দল কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি)।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কম্বোডিয়ায় গতকাল রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার-ঘোষিত ফল অনুযায়ী, পার্লামেন্টের ১২৩ আসনের মধ্যে ৬৮টিতে জয় পেয়েছে সিপিপি। বিরোধী দল সিএনআরপি পেয়েছে ৫৫টি আসন।
বিরোধী দলের নেতা স্যাম রেইনসি অভিযোগ করেছেন, ‘১২-১৩ লাখ ভোটারের নাম তালিকা থেকে গায়েব করে দেওয়া হয়েছে। তাঁরা ভোট দিতে পারেননি। তারা আমাদের ভোটের অধিকার মুছে দিয়েছে। কী করে এই নির্বাচনকে আমরা স্বীকৃতি দিই?’
নির্বাচনের আগেই বিরোধী দল নানা অনিয়মের অভিযোগ তোলে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা থেকে ভোটারের নাম গায়েব, ভুতুড়ে ভোটার অন্তর্ভুক্ত, নির্বাচনী সভা-সমাবেশে বাধা, অর্থের বিনিময়ে ভোট কেনা, প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারে নিরাপত্তা বাহিনীর অংশ গ্রহণ।
নির্বাচনে অনিয়মের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে সিএনআরপি। দলটি বলছে, সব রাজনৈতিক দল, নির্বাচনী কর্তৃপক্ষ, জাতিসংঘ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে তারা একটি তদন্ত কমিটি গঠন করবে।
কম্বোডিয়ান পিপলস পার্টির (সিপিপি) হুন সেন ১৯৮৫ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন।১৯৯৮ সালের পর থেকে প্রতিটি পার্লামেন্ট নির্বাচনেই তাঁর দল সিপিপির সংখ্যাগরিষ্ঠতা উত্তরোত্তর বেড়েছে। সর্বশেষ পার্লামেন্টের ১২৩ আসনের ৯০টিই সিপিপির।
হুন সেন অন্তত আরও এক দশক ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ করেছেন। একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) উত্থানে তাঁর এই স্বপ্ন কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সাবেক খেমাররুজ যোদ্ধা থেকে প্রধানমন্ত্রী হওয়া হুন সেন আমলাতন্ত্র থেকে শুরু করে গণমাধ্যমসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। ক্ষমতাসীন হওয়ায় হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) দশকের পর দশক সরকারের বিভিন্ন পর্যায়ে একচেটিয়া সুযোগ-সুবিধা ভোগ করছে।

0 comments:

Post a Comment