Searching...

Popular Posts

Thursday, August 1, 2013

মানিকগঞ্জ গজারিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার : যশোরে দেয়াল চাপায় মা-মেয়ের প্রাণহানি : মধুখালীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

2:44 AM
মুন্সীগঞ্জের গজারিয়া ও মানিকগঞ্জে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মানিকগঞ্জের সিংগাইর ও রাজশাহীর বাঘায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে সংঘর্ষে নিহত হয়েছে ১ জন। যশোরে দেয়াল চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
গজারিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার : মুন্সীগঞ্জের গজারিয়ায় গতকাল বিকালে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিকালে স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম রিনা আক্তার (১৯)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকার আবদুল মজিদের মেয়ে। ঘটনার পর পরই কিশোরী বধূর স্বামী মো. সুমন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। নিহতের বাবা আবদুল মজিদ দাবি করেন, স্বামীর বাড়ির লোকজন তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন আত্মহত্যার নাটক সাজিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে। জেলার গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকালে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। যৌতুকের দাবিতে কিশোরী বধূকে হত্যা করা হয়েছে বলে নিহতের বাবার বাড়ির লোকজন দাবি করেছে। তবে ঘটনার পরই স্বামী সুমনসহ তার বাড়ির লোকজন গাঢাকা দিয়েছে। দুই মাস আগে সুমন মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে। সুমন গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামের জাহের আলীর ছেলে। স্থানীয়রা জানায়, রিনাকে প্রায়ই নির্যাতন করা হতো।
মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার : মানিকগঞ্জে নিখোঁজের ১০ দিন পর জোসনা সূত্রধর (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
গতকাল সকালে সদর উপজেলার দয়ারামপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, কৈট্টা নয়াপাড়া গ্রামের ভোলানাথ সূত্রধরের মেয়ে জোসনার সঙ্গে একই উপজেলার দশআনির ঠাকুর দাসের ছেলে শরত্ সূত্রধরের চার বছর আগে বিয়ে হয়। এরপর থেকেই স্বামীর পরিবারের সদস্যরা তাকে নির্যাতন করতো। এরই মধ্যে গত ২০ জুলাই স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় জোসনা। এ ব্যাপারে জোসনার বাবা ভোলানাথ মেয়েকে না পেয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ।
সিংগাইরে গণপিটুনিতে নিহত ১ : মানিকগঞ্জের সিংগাইরে গণপিটুনিতে চোর সন্দেহে আবদুল খালেক নামের একজন মারা গেছে। নিহতের বাড়ি সদর উপজেলার পূর্ব অরঙ্গবাদে। সে মহি চোরার ছেলে। উপজেলার গাড়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার গভীর রাতে গাড়াদিয়া গ্রামের কামাল হোসেনের বাড়িতে চোর হানা দেয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চোরকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে জসিম উদ্দিনের বাড়ির পাশে একটি পুকুরে ঝাঁপ দেয় ওই চোর। স্থানীয় লোকজন পুকুর থেকে তাকে ধরে পারপিট দিয়ে স্থানীয় মেম্বার আফাজুদ্দিনের হেফাজতে গাড়াদিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটক করে রাখে। ভোরে কিছু যুবক তাকে আবার বেদম মারধর করে। এতে চোর আবদুল খালেক মারা যায়।
ডাক্তার কামাল হোসেন জানান, রাতে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঘরের দরজা আটকে রাথরুমে যাই। এ সময় চোর ঘরে ঢুকে স্ত্রীর গলার চেইন ছিড়ে নেয়ার সময় চিত্কার করলে আশপাশের লোকজন চোরকে ধরে ফেলে। এরপর সে গণপিটুনিতে মারা যায়।
বাঘায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা : রাজশাহীর বাঘায় চোর সন্দেহে এক হিরোইন খোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বলিহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শরিফ (৩৫)। তিনি একই উপজেলার চকআমোদপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার বলিহার গ্রামের মৃত বিচ্ছাদ আলীর ছেলে শাহবাজ আলীর বাড়ির বেড়া কেটে চোর একটি বাইসাইকেল চুরি করে পালানোর সময় বাড়ির লোকজন চিত্কার শুরু করে। এ সময় প্রতিবেশীরা এসে তাকে হাতেনাতে ধরে গণপিটুনি শুরু করে। বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় শরিফ। গতকাল দুপুরে পুলিশ শরিফের লাশ উদ্ধার করে।
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত : ফরিদপুরের মধুখালীতে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুটমিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন যুবদল সভাপতি সোহান রানা (৩০) নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সে ডুমাইন গ্রামের মৃত আলাল মোল্যার ছেলে সোহান রানা তার সঙ্গী কালুকে নিয়ে ফরিদপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের আলতু খান জুট মিলস এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষে সোহান রানা ঘটনাস্থলেই নিহত হয়।
ফুলপুরে সংঘর্ষে নিহত ১ : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ছোটশুনই গ্রামে গতকাল দুপুরে জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, ভাইটকান্দি ইউনিয়নের ছোটশুনই গ্রামের মকবুল হোসেন গংয়ের সঙ্গে একই গ্রামের আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। এ ব্যাপারে বেশ কয়েকবার সালিশ অনুষ্ঠিত হয়। গতকাল মকবুল হোসেন ও তার ছেলেরা তাদের সদ্য কেনা জমিতে ঘর তুলতে গেলে আবুল হোসেন ও তার লোকজন বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে মকবুল হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হন এবং উভয়পক্ষের ১০ জন আহত হয়।
নবাবগঞ্জে গৃহবধূর আত্মহত্যা : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলা সদরের পালপাড়ার নারায়ণ চন্দ্র পালের স্ত্রী সাবিত্রী রানী (৪৫) নিজ ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে তার ছেলে আনন্দ দেখতে পেয়ে তাকে রশি থেকে উদ্ধার করে নবাবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মারা যান। আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।
যশোরে দেয়ালচাপায় মা-মেয়ের মৃত্যু : যশোরে গতকাল সকালে সদর শহরতলির রামনগরে নির্মাণাধীন একটি ভবনের দেয়ালচাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ওই এলাকার মোজাম্মেল হকের স্ত্রী মর্জিনা বেগম (৪০) ও তার মা মোমেনা খাতুন (৮৫)। স্থানীয় বাসিন্দারা জানান, তারা রামনগর এলাকার আবদুর রউফের জমিতে বসবাস করতেন। পাশের জমিতে ভবন নির্মাণের কাজ চলছে। সকালে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ওই ভবনের দেয়ালে আঘাত করে। এতে দেয়ালটি ধসে পাশের জমিতে থাকা মা ও মেয়ের শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান মোমেনা খাতুন। গুরুতর অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মর্জিনা বেগম।
চৌদ্দগ্রামে বাস উল্টে চালক নিহত : কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. শাহজাহান। গত মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের বাসটি জগন্নাথদীঘি এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু ও বাসযাত্রীরা আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে।
সাপাহারে মোটরসাইকেলচাপায় শিশুর মৃত্যু : নওগাঁর সাপাহারে মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে সাব্বির হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল সকালে উপজেলার সীমান্ত এলাকা রসুলপুর থেকে রফিক উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম একই গ্রামের পানমোহাম্মাদের ছেলে সাইদুর রহমানসহ মোটরসাইকেলযোগে সাপাহার সদরে আসছিল। রাস্তায় তারা পাহাড়ি পুকুর নামক স্থানে পৌঁছলে ওই গ্রামের জিয়াবুর রহমানের ছেলে সাব্বিরকে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলটি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সাব্বির চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নীলফামারীতে ডুবে শিশুর মৃত্যু : নীলফামারীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম প্রান্ত (৪)। সে জেলার ডোমার উপজেলার প্রান্ত হলহলিয়া গ্রামের কালাচাঁদের ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে খেলা করার সময় সবার অজান্তে প্রান্ত পুকুরে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
দাগনভূঞায় গৃহবধূর আত্মহত্যা : পারিবারিক কলহের জের ধরে ফেনীর দাগনভূঞা পৌরসভার রামানন্দপুর গ্রামের আফ্রিকা প্রবাসী শহিদুল্লাহর স্ত্রী ইয়াছমিন (২৭) গত মঙ্গলবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন ফরিদার সঙ্গে ইফতারের সময় শহীদ উল্যার বড়ভাইয়ের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। বিষয়টি আফ্রিকা প্রবাসী ফরিদার স্বামীকে বড়ভাইয়ের স্ত্রী মোবাইল ফোনে জানানোর পর তাত্ক্ষণিক শহীদ উল্যা তার স্ত্রী ফরিদাকে গালমন্দ করে। স্ত্রী ফরিদা স্বামীর ওপর অভিমান করে রাগে-ক্ষোভে এবং দুঃখে নিজ বসতঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘরে থাকা নিহতের মা চিত্কার করলে অন্যান্য লোকজন এগিয়ে আসে ফরিদার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।
সেনবাগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু : নোয়াখালীর সেনবাগে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো. সাহাদাত হোসেন রাহিন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের বিন্নাগুনি গ্রামের বুলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সাহাদাত হোসেন ওই গ্রামের প্রবাসী মো. রহমত উল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে সেনবাগ পৌর শহরের বিন্নাগুনি গ্রামের সাহাদাত হোসেন বাড়ির পাশে বিদ্যুতের সাইট লাইনের ছেঁড়া তার সরানোর সময় হঠাত্ পা জড়িয়ে যায়। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সাহাদাত হোসেনের মৃত্যু হয়।
আশুগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ : গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস-সিএনজির মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে আশুগঞ্জের বাহাদুরপুরে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একজন মহিলা ও শিশু মারা যায়। বাকি গুরুতর আহতদের জেলা সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বরোড পুলিশ ফাঁড়ির এসআই আবু হানিফ জানান, দুপুরে এনা পরিবহনের একটি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ২ জন নিহত হয়েছে।
চৌদ্দগ্রামে স্বামীর আত্মহত্যা : কুমিল্লার চৌদ্দগ্রামে গত মঙ্গলবার রাতে স্ত্রীর ওপর অভিমান করে মো. ছুট্টু (৩০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের আবদুস সালামের ছেলে। স্থানীয়রা জানায়, ছুট্টুর সঙ্গে তার স্ত্রী আছমা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সে অভিমান করে বাড়ির একটি গাছের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোরে পরিবারের লোকজন ঘটনাটি বুঝতে পেরে লাশ নামিয়ে রাখে।
হাটহাজারীতে লাশ উদ্ধার : চট্টগ্রামের হাটহাজারীতে মধ্যপ্রাচ্য প্রবাসী ছেলের জন্য মেয়ে দেখতে ঘর থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলেন নজির আহমদ (৫০) নামে এক ব্যক্তি। গতকাল সকালে হাটহাজারী পৌরসভার কড়িয়ার দীঘিরপাড়ের উত্তর পাশে বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নজির আহমদ মেখল ইউনিয়নের রুহুল্লাপুর এলাকার লাল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে নজির আহমদ ঘর থেকে বের হয় তার মধ্যপ্রাচ্য প্রবাসী বড় ছেলে মো. সেলিমের জন্য মেয়ে দেখতে বের হন। এই ফাঁকে তার পরিবারের সদ্যস্যদের সঙ্গে মুঠোফোনে কথা হয় যে, ওই দিন ইফতারের পর দক্ষিণ মেখল এলাকায় মেয়ে দেখতে যাবে এবং রাতে ফিরবে। কিন্তু পরে ফোন বন্ধ পাওয়া যায়। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। গতকাল সকালে কড়িয়ার দীঘিরপাড়ের উত্তর পাশে একটি লাশ বিলে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

1 comments: