ভারতের মেঘালয় রাজ্যের সিসিঙ্গাপাড়া এলাকায় গণপিটুনিতে বাংলাদেশি দুই কিশোর নিহত হয়েছে।
নিহত কিশোরেরা হলো শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী রাংতিয়া
গ্রামের শ্রীকান্ত কোচের ছেলে হেমন্ত কোচ (১৪) ও প্রেমানন্দ কোচের ছেলে
শীতল কোচ (১৪)। তারা ঝিনাইগাতি উপজেলার রাংতিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম
শ্রেণীর ছাত্র। তাদের লাশ মেঘালয় রাজ্যের তুরা জেলার বারাংগাপাড়ার থানা
হেফাজতে রয়েছে।
শীতল কোচের চাচাতো ভাই যুগল কিশোর কোচ প্রথম আলো ডটকমকে জানান, জেএসসি
পরীক্ষার ফরমপূরণের টাকা চেয়ে না পাওয়ায় গত ১০ আগস্ট বিকেলে বাড়ি থেকে
রাগ করে বেরিয়ে যায় ওই দুই কিশোর। ওই দিন সন্ধ্যায় তারা সীমান্তবর্তী
শমশ্চুরা এলাকায় গেলে ভারতীয় লোকজন তাদের ধরে নিয়ে যায়। দুই দিন পর
গতকাল রাতে ওই দুই কিশোরের পরিবারের লোকজন স্থানীয়ভাবে জানতে পারেন, তারা
মেঘালয় রাজ্যের সিসিঙ্গাপাড়া এলাকায় গণপিটুনির শিকার হয়ে মারা গেছে।
বিষয়টি তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নকশি সীমান্ত ফাঁড়ির
কর্মকর্তাদের জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির নকশি সীমান্ত ফাঁড়ির কোম্পানি
কমান্ডার সুবেদার মো. আবদুল কুদ্দুস আজ প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে
১১০৭ নম্বর পিলারের ‘নো ম্যানস ল্যান্ডে’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর
(বিএসএফ) কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফের
কান্তিপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজমাল গোখড়া তাঁদের জানান, এ
ব্যাপারে বারাংগাপাড়া থানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি লাশ
হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
0 comments:
Post a Comment