Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

কুমিল্লায় হরতালে ৩০টি গাড়ি ভাংচুর, আটক ২

3:38 AM
জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে আজ মঙ্গলবার কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ, বুড়িচং ও দাউদকান্দি এলাকায় কমপক্ষে ৩০টি গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। এসব ঘটনায় জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় জামায়াত-শিবিরের ২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা মহানগরীর তেলিকোনা, ধর্মপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এসময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল, গুলি ছুড়ে।

মহানগর শিবির সভাপতি মনির আহমেদ জানান, 'সকালে মিছিল বের করলে বিনা উস্কানীতে পুলিশ আমাদের ওপর রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আমাদের ২ কর্মী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।'

তবে পুলিশ গুলিবিদ্ধ হয়ে আহতের বিষয়টি অস্বীকার করেছে।

এদিকে জামায়াত-শিবির কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে কমপক্ষে ১০টি গাড়ি ভাংচুর করে। আজ সকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া, নোয়াগাঁও চৌমুহনী ও দৌলতপুর এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া সকালে উপজেলার হাড়াতলী, ঝাগুড়ঝুলী এলাকায় কমপক্ষে ৫টি ট্রাক ও কাভার্ড ভ্যানের গ্লাস ভাংচুর করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় পুলিশ ধাওয়া করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

সদর দক্ষিণ থানার ওসি (তদন্ত) হান্নান জানান, উপজেলার জোড়কানন ইউনিয়ন জামায়াতের সভাপতি ওমর ফারুককে আটক করা হয়েছে।

এর আগে ভোরে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় তারা ট্রাক ও কাভার্ড ভ্যানসহ কমপক্ষে ১৫/১৬টি গাড়ির গ্লাস ভাংচুর করে। এসময় ১ জনকে আটক করা হয়।

অপরদিকে জেলার চৌদ্দগ্রামে সোমবার গভীর রাতে চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পার্শ্বে চৌধুরী পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে (ঢাকা-মেট্রো-১৬-৯১৪৬) অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে আজ চৌদ্দগ্রামে পুলিশ-র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করে টহল বাড়িয়ে দেয়া হয়েছে। জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার, চৌদ্দগ্রাম বাজার, পদুয়া, আমজাদের বাজার এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির মিছিল করেছে।

0 comments:

Post a Comment